

তৌকির আহাম্মেদ হাসু জামালপুর:
জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ ট্রেন পুনরায় চালু এবং আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রেলওয়ে সংস্কার কমিটি।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন প্রায় আধা ঘণ্টা আটকে রেখে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সরিষাবাড়ী–ময়মনসিংহ-ঢাকা রেলরুটে যমুনা, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস-এই তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। এর মধ্যে অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস ট্রেন দীর্ঘদিন ধরে যাত্রীদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অল্প সময়ের ব্যবধানে ট্রেন দু’টি চলাচল করায় যাত্রী স্বল্পতা দেখা দিচ্ছে, ফলে রেল কর্তৃপক্ষকেও লোকসান গুনতে হচ্ছে।
বক্তারা আরও বলেন, ঢাকা থেকে ছেড়ে ট্রেনটি তারাকান্দিতে পৌঁছাতে বিকেল হলেও, ঢাকায় ফিরতে ফিরতে গভীর রাত হয়ে যায়। এতে ট্রেন থেকে নেমে যাত্রীদের ছিনতাইসহ নানা নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে হচ্ছে।
তারা দাবি জানান-অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেসের যেকোনো একটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করে ঢাকা থেকে রাতে ও জামালপুর থেকে ভোরে ছাড়ার ব্যবস্থা করতে হবে।জামালপুর এক্সপ্রেসকে আগের রুটে ফিরিয়ে যমুনা সেতু (পূর্ব) দিয়ে চলাচল নিশ্চিত করতে হবে। বন্ধ থাকা ধলেশ্বরী ট্রেন পুনরায় চালু করতে হবে এবং সেটিকে যমুনা সেতু (পশ্চিম) স্টেশন পর্যন্ত বর্ধিত করলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।
দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সরিষাবাড়ী রেলওয়ে সংস্কার কমিটির আহ্বায়ক কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, রিফাতুজ্জামান রিফাত, ফরিদ সরকার, নূর সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT