কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে গত ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন। রোহিঙ্গা অধ্যুষিত এই জনপদে এবার লড়াইয়ের মূল মেরুকরণ হয়েছে বিএনপি ও জামায়াতের মধ্যে। দীর্ঘকাল বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এবার নিজেদের অবস্থান জানান দিতে মরিয়া হয়ে উঠেছে জামায়াতে ইসলামী।
নির্বাচনী মাঠ পর্যালোচনায় দেখা যায়, চারবারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। শুরুতে দলীয় মনোনয়ন নিয়ে কিছুটা অভ্যন্তরীণ অসন্তোষ থাকলেও বর্তমানে ঐক্যবদ্ধভাবে প্রচারণায় নেমেছে বিএনপি। অন্যদিকে, জামায়াতের প্রার্থী হিসেবে শক্ত অবস্থান গড়েছেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চারবারের চেয়ারম্যান ও জেলা জামায়াত আমির নুর আহমদ আনোয়ারী। তার দীর্ঘদিনের জনপ্রতিনিধি হওয়ার অভিজ্ঞতা এবং শক্তিশালী তৃণমূল নেটওয়ার্ক বিএনপির জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রচারণাকালে শাহজাহান চৌধুরী জানান, রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনপদে যে অস্থিরতা ও মাদক কারবারিদের দৌরাত্ম্য বেড়েছে, তা দমনে তিনি কঠোর পদক্ষেপ নেবেন। নির্বাচিত হলে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আনার প্রতিশ্রুতি দেন তিনি। পাল্টা প্রতিশ্রুতিতে নুর আহমদ আনোয়ারী বলেন, এই অঞ্চলটি পর্যটন ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। সেন্টমার্টিন, সাবরাং ইকো ট্যুরিজম ও স্থলবন্দরকে যথাযথভাবে কাজে লাগিয়ে তিনি উখিয়া-টেকনাফের মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন এবং শিক্ষা-চিকিৎসা সেবার মান বাড়াতে কাজ করবেন।
নিরাপত্তার প্রশ্নে স্থানীয় প্রশাসন রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিশেষ নজরদারি বাড়িয়েছে। রোহিঙ্গারা যাতে ক্যাম্পের বাইরে এসে নির্বাচনি কোনো প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য সেনাবাহিনী ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সাধারণ ভোটারদের মধ্যে বিশেষ করে তরুণরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থানের দাবি তুলছেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ১৬ জন, যারা ১০৭টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশের ইতিহাসে এই আসনটিকে ‘লক্ষ্মী আসন’ বলা হয়, কারণ যে দল এই আসনে জয়ী হয় সাধারণত তারাই সরকার গঠন করে। এবার সেই বিজয় কার ঘরে যায়, তা নিয়ে পুরো জেলায় চলছে তুমুল বিশ্লেষণ।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT