ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়িতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি মঙ্গলবার ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। সভায় ফটিকছড়ির নির্বাচনী সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬, চট্টগ্রাম–০২) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে, সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।”
তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে পুলিশের বডি ক্যামেরা ব্যবহার করে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে, যাতে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ না থাকে।
“ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন,সে লক্ষ্যে প্রশাসন দৃঢ়ভাবে কাজ করছে,” বলেন জেলা প্রশাসক।
সভায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর সাদ বিন সাঈদ (পিএসসি, জি)। তিনি বলেন,“নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আমরা সার্বক্ষণিক প্রস্তুত।”
তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই সেনাবাহিনীর প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন।এছাড়া সভায় চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন,
“নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করা আমাদের মূল দায়িত্ব। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক নজরদারি থাকবে।”
সভায় নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের প্রস্তুতি, করণীয় ও দায়িত্ব পালনের বিষয়ে মতামত তুলে ধরেন।সভাপতির বক্তব্যে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন,“একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে ফটিকছড়িতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত প্রস্তুতি ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে সভায় পুনর্ব্যক্ত করা হয়।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT