কক্সবাজারের টেকনাফে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬), একই ক্যাম্পের নুর হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩), হ্নীলা ইউনিয়নের মোছনী ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাছা মিয়া (৩৮), আলীখালী ৮ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮ মাস) এবং একই এলাকার নূর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় বিএনপির প্রার্থীর নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলো। এমন সময় প্রচারণা দেখতে আসা জনতার ভিড়ের মধ্যে মদ্যপ অবস্থায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জালাল প্রকাশ ওরফে লাশ জালাল বিদেশি অস্ত্র দিয়ে অতর্কিতভাবে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হন।
ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে প্রথমে টেকনাফ ও পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিন বলেন, গুলির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে, এর সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT