কক্সবাজারের উখিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিনজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় সেনাবাহিনীর একটি চৌকষ দলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু ওরফে জুলু ডাকাতের পুত্র আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং অপর এক বাঙালিকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্র প্রদর্শনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের অপতৎপরতা দমনের লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল,১টি একে-২২ রাইফেল,১টি দেশীয় পিস্তল,২টি একনলা বন্দুক,২টি দেশীয় ধারালো অস্ত্র,১টি পিস্তলের ম্যাগাজিন,
২টি রাইফেলের ম্যাগাজিন,৪ রাউন্ড পিস্তল গুলি,৮৯ রাউন্ড রাইফেল গুলি,২টি কার্তুজ এবং২টি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT