কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করেছে।
রবিবার ৮ মার্চ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালি জুম্মাপাড়া এলাকার কুখ্যাত মানবপাচারকারী মোঃ আব্দুল আলী এলজিইডি রোড সংলগ্ন একটি পেঁপে বাগানে আটকে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৮ মার্চ রবিবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও র্যাবের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত বাগানে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT