
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়া ইস্যুকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামসহ বিরোধী দল জামায়াত ও ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন।
এর পরিপ্রেক্ষিতে ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম নাহিদের দিকে অভিযোগের তীর ছুড়ে বলেন, এই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনই উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। সেদিন কেন নাহিদ প্রতিবাদ করেননি?
বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় জসীম উদ্দীন হল ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম তার ফেসবুক পোস্টে এমন অভিযোগ করেন।
পোস্টে তিনি লিখেন, ২০২৪ সালে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠান বঙ্গভবনে অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনই শপথ বাক্য পাঠ করিয়েছিলেন নাহিদ ইসলামসহ সকল উপদেষ্টাকে। সেই সময়ে কি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি হয়নি? নাহিদকে উদ্দেশ্য করে প্রশ্ন রাখেন হামিম।
তিনি আরও উল্লেখ করেছেন, বরং জুলাইয়ের রক্তস্নাত বাংলাদেশের কাঙ্ক্ষিত লক্ষ্যকে সামনে রেখে আজ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ওয়াক আউট করে জুলাইয়ের অভিপ্রায়ের সঙ্গে গাদ্দারি করেছেন।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
এর আগে, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ওয়াক আউট করেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা।
এদিকে, ১১-দলীয় নির্বাচনী জোটের এমপিরা সংসদে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে বিক্ষোভ দেখান। সে সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শান্ত করার চেষ্টা করেন।
জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দলগুলো আগে থেকেই সংসদে বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT