কক্সবাজারের টেকনাফে মাছভর্তি ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকানো বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার কোরবান আলী (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার ৪ মে বিকেলে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান এ তথ্য জানান। ৩ মে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাছ শিকার শেষে ফেরার পথে জেলের ছদ্মবেশে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি মাছভর্তি ব্যাগসহ আসতে দেখা যায়। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা থামার সংকেত দেয়। কিন্তু তারা নির্দেশ অমান্য করে দ্রুত লবণের ঘেরের দিকে পালানোর চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়, অপর ব্যক্তি পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তির সঙ্গে থাকা মাছভর্তি ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT