কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাস চালক ও এক শিশু নিহত হয়েছেন। এসময় কমবেশি আহত হয়েছেন উভয় বাসের অন্তত ৩৫ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অন্তত দেড়ঘন্টা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে যানবাহনে আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
সোমবার (৮ জুন) বিকাল ৪ টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ আলী (২৫)। তিনি দুর্ঘটনা কবলিত একটি বাসের চালক। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্ছা ২ নম্বর ওয়ার্ড পাগলিরবীল এলাকার নুরুল ইসলামের ছেলে ও নিহত অপরজন হলেন, বাসের যাত্রী মোহাম্মদ ইয়াহি (বয়স ৮ মাস)। শিশু ইয়াহি পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে।
তবে দুর্ঘটনায় আহতদের মধ্যে মোহাম্মদ ইসমাইল (২৬), সিফাত (২৪), মোঃ জাহাঙ্গীর আলম(৩৫) নাইম (২৫), মাবুদ আব্দুল (৪০), জোসনা আক্তার (২৬), জনি (২৮), মোঃ আলী (৪৪), ইমা (১২), ফাতেমা বেগম (২৮), মোঃ রফিকুল ইসলাম (৩৮) সহ ১১ জনের পরিচয় সনাক্ত করেছে হাইওয়ে পুলিশ। তাদের মধ্যে ইসমাইল ও সিফাতসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান।
স্থানীয় লোকজন ও মালুমঘাট হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সোমবার বিকালে মহাসড়কের খুটাখালী মেদাকচ্ছপিয়া এলাকায় কক্সবাজার অভিমূখী চকরিয়া সার্ভিস পরিবহনের (শরিফ এন্টারপ্রাইজ নামের বাস রেজিঃ নং- কক্সবাজার-জ-১১-০৪১৭)
একটি বাস ও বিপরীত দিক থেকে আসা এভারগ্রীন পরিবহনের যাত্রীবাহী বাসের ( রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৩-২৩৪৩৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে উভয় বাস দুমড়ে মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। এসময় একটি বাস সড়কে উল্টে পড়ে বাসের ছাদ খুলে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায়। এ সময় আহত যাত্রীদের নিকটস্থ মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল এবং চকরিয়া সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। পরে হাইওয়ে দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নিলে মহাসড়ক যান চলাচল স্বাভাবিক করা হয়।
মালুমঘাট হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবর রহমান জানান, মেদাকচ্ছপিয়া এলাকার দূর্ঘটনায় ফাইতং এলাকার এক শিশু ও বাস চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। দূর্ঘটনা কবলিত বাস দু'টি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT