কক্সবাজারের টেকনাফে ২০ হাজার ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলার হোয়াইক্যং সীমান্তের কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিম (৪১) ও কোরবান আলী (৪১)।
বিজিবির দাবি, তারা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা এনে দেশের ভেতরে সরবরাহের জন্য বহন করছিলেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১টা ৪০ মিনিটের দিকে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল কোনাপাড়া এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় জাফরের মাছের ঘেরের পাশ দিয়ে মিয়ানমার দিক থেকে ব্যাগ হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।
পরে তাদের থামার নির্দেশ দেওয়া হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন। তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মুঠোফোন, একটি চেইন, হাতঘড়ি ও একটি দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT