কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) উপজেলার হ্নীলা ইউনিয়নের অধিনস্ত লেদা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জামসহ ৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। এ সময় পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।
বিজিবি সুত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর রবিবার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, হ্নীলা ইউনিয়নের লেদা বাজার অতিক্রম করে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের নিকট হস্তান্তর করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনায় লেদা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবি’র আভিযানিক দল আনুমানিক দুপুর ১ টা হতে উক্ত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে দেড় টার দিকে একটি ইজিবাইকে ৩ জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে লেদা বাজার এলাকা অতিক্রম করতে দেখে বিজিবি সদস্যগণ ইজিবাইকটিকে থামার সংকেত দেন। বিজিবি টহল দল তাৎক্ষণিকভাবে মেটাল ডিটেক্টরের সাহায্যে সন্দেহভাজন ইজিবাইকে বহন করা বস্তার ভেতর ধাতব পদার্থের উপস্থিতি নিশ্চিত হন। পরবর্তিতে, অধিকতর তল্লাশির জন্য ইজিবাইকসহ উক্ত ৩ জন ব্যক্তিকে লেদা বিওপিতে নেওয়া হয়। সেখানে ইজিবাইকটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় অস্ত্র, গোলাবারুদ, আত্মরক্ষায় ব্যবহৃত বৈদ্যুতিক শক প্রদানকারী যন্ত্র বা টেজার, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল হল: জি৩ রাইফেল-২টি, দেশীয় একনলা বন্দুক (বড়)-১টি, দেশীয় একনলা বন্দুক (ছোট)-১টি, গুলি-৪২ রাউন্ড, টেজার-৩টি, ওয়াকিটকি সেট-৬টি, ম্যাগাজিন-১টি, বিস্ফোরক দ্রব্য-৪ কেজি, জর্দার কৌটা-২৫টি, লাল স্কচটেপ-২৫টি, ইজিবাইক-১টি, অ্যান্ড্রয়েড মোবাইল-২টি, বাটন মোবাইল-১টি।
আটককৃতরা হলেন- কুতুপালং এফডিএমএন ক্যাম্প এলাকার রুবালি এর ছেলে মো. উসমান, ২৬নং মোচনি এফডিএমএন ক্যাম্প এলাকার ফয়েজ আহমেদ এর ছেলে মো. মুসলিম, কুতুপালং এফডিএমএন ক্যাম্প এলাকার ইউনুস এর ছেলে মো. আনসার আলী।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। অবৈধ অস্ত্রের চালান প্রতিহত এবং জননিরাপত্তা নিশ্চিত করতে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।”
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT