চট্টগ্রামের আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও কেক উৎপাদন এবং বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর উপজেলার জয়কালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে মালাই ফুডস নামের প্রতিষ্ঠানে মিষ্টি ও কেক উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রুবেল মল্লিক (৩৫)-কে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় নিয়মিতভাবে বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জয়কালী বাজারে এ অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, নিরাপদ ও স্বাস্হ্যসম্মত খাবারের মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। জনস্বার্থে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT