পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানিবাহী একটি বিমান নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো বিমানটি বাংলাদেশে অবতরণের কথা থাকলেও শেষ পর্যন্ত তা আসতে পারেনি। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ভারতীয় সংবাদসংস্থা এএনআই-কে বিষয়টি নিশ্চিত করে জানান, ঠিক কী কারণে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি প্রদান করেনি, সে বিষয়ে বাংলাদেশ এখনো সুস্পষ্ট কারণ জানতে পারেনি।
এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়াম গ্রহণের জন্য বিমানবন্দরে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছিল।
তবে রূপপুর প্রকল্পের রুশ মূল ঠিকাদার ‘রোসাটমে’র লিয়াজোঁ কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষকে বিমানটি চলাচলের ক্ষেত্রে আকাশসীমা সংক্রান্ত জটিলতার কথা অবহিত করেন। ফলে তাৎক্ষণিকভাবে ফ্লাইটটি বাতিল করে ইউরেনিয়াম পরিবহনের নতুন সময়সূচি নির্ধারণের কাজ শুরু হয়।
রাশিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সার্বিক বিষয় সুরাহা করে অক্টোবরের প্রথম সপ্তাহ নাগাদ ইউরেনিয়ামের এই চালানটি বাংলাদেশে পৌঁছাতে পারে। আন্তর্জাতিক পরিবহন শিডিউল পুনর্বিন্যাস ও নতুন রুটের বিষয়টি নিয়ে বর্তমানে রাশিয়ার রোসাটম ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT