কক্সবাজারের টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ দল। এ সময় মো. ইদ্রিস (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবির ভাষ্য, ৫ অক্টোবর সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নাজিরপাড়া সীমান্তসংলগ্ন নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান আসছে-গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় যৌথ দল অবস্থান নিয়েছিল।
বিজিবি জানায়, থার্মাল ইমেজারের মাধ্যমে কয়েকজন সন্দেহভাজনের গতিবিধি শনাক্ত করা হয়। পরে তাদের কয়েকজনকে বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। যৌথ দলের উপস্থিতি টের পেয়ে তারা কেওড়াবাগানের দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় ইদ্রিসকে আটক করা হয়। তার সঙ্গে থাকা তিনটি বড় প্যাকেট তল্লাশি করে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা পাওয়া যায়।
আটক ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবার বিষয়ে টেকনাফ মডেল থানায় মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT