কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রমের গতিশীলতা যাচাই করতে এক আকস্মিক পরিদর্শনে এসেছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
২৯ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরের দিকে তিনি টেকনাফ মডেল থানা এবং এর আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ তদন্ত কেন্দ্র ও ফাঁড়ি পরিদর্শনে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী দুপুরের দিকে আকস্মিক সফরে টেকনাফ মডেল থানায় পৌঁছান। এরপর তিনি পর্যায়ক্রমে থানার অধীনস্থ বাহারছড়া তদন্ত কেন্দ্র, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি এবং শাহপরীরদ্বীপ পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট থানা ও ফাঁড়িগুলোর দাপ্তরিক কার্যক্রম, নথিপত্র এবং পুলিশ স্থাপনাগুলোর অফিস কক্ষ ও আশপাশের আঙিনা সরজমিনে ঘুরে দেখেন।
পরবর্তীতে তিনি সেখানে কর্মরত পুলিশ অফিসার এবং ফোর্সের সদস্যদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় সীমান্ত অঞ্চলের নিরাপত্তা, চোরাচালান রোধ এবং জনসাধারণের আইনি সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তিনি। টেকনাফ মডেল থানা পরিদর্শন শেষে ডিআইজি থানা প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি ফলজ ও একটি ঔষধি গাছের চারা রোপণ করেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি’র সাথে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলার পুলিশ সুপার (এসপি) এ.এন.এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবা, উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেন- টেকনাফ একটি অত্যন্ত সংবেদনশীল সীমান্তবর্তী এলাকা। এখানকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। থানায় আসা কোনো সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয়, তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। পুলিশিং হতে হবে সম্পূর্ণ জনবান্ধব। অপরাধ দমনে কোনো ধরনের শিথিলতা বরদাশত করা হবে না এবং প্রতিটি সদস্যকে শতভাগ সততা ও নিষ্ঠার সাথে দেশের সেবা করতে হবে।"
Copyright © 2026 AmaderTeknaf.Com. All rights reserved.
Developed By : Azad Web IT