কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (২বিজিবি) অতন্দ্র প্রহরা ও ঝটিকা অভিযানে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের একটি বড় ধরনের অপচেষ্টা নস্যাৎ হয়েছে। জোরপূর্বক জীবনসংহারী ও ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় পাঠানোর প্রাক্কালে ৩ রোহিঙ্গা নাগরিকসহ ৯ জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরীঘাট উপকূলীয় এলাকায় এ অভিযান চালানো হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের ১০-১৫ জন সদস্য একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিজিবির সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর শনিবার বিকেলে বিজিবির কাছে গোপন গোয়েন্দা তথ্য আসে যে, ২ বিজিবির অধীনস্থ সী-বীচ বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ লম্বরীঘাট এলাকা দিয়ে একদল মানুষকে জোরপূর্বক ট্রলারে তুলে মালয়েশিয়ায় পাচার করা হবে। এই তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের প্রত্যক্ষ নির্দেশনায় বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল লম্বরীঘাট এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপকূলীয় ঘাটে ২০-২৫ জন লোকের সন্দেহজনক জড়ো হওয়া লক্ষ্য করে বিজিবি। একই সময় সমুদ্র থেকে একটি সন্দেহভাজন নৌকা ঘাটের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা সেটিকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে পাচারকারী চক্রের ১০-১৫ জন সদস্য দ্রুত নৌকায় উঠে অন্ধকারের সুযোগ নিয়ে সমুদ্রের দিকে পালিয়ে যায়। তবে বিজিবি টহল দল ঘটনাস্থল কর্ডন করে সৈকত থেকে পাচারের উদ্দেশ্যে আনা ৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানান, তাঁদের প্রলোভন দেখিয়ে ও জোরপূর্বক মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য সেখানে আনা হয়েছিল।
উদ্ধার হওয়া ভুক্তভোগীদের মধ্যে কক্সবাজারের বিভিন্ন উপজেলার ৬ জন স্থানীয় বাসিন্দা এবং উখিয়ার বিভিন্ন ক্যাম্পের ৩ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। তাঁরা হলেন- উখিয়ার বালুখালী ক্যাম্পের আমির হোসেন (৪৫), ট্যাংখালী ১৩ নং ক্যাম্পের মোঃ জীবন (১৯), জামতলা ১৫ নং ক্যাম্পের জান্নাত আরা (১৭), কক্সবাজার সদর উপজেলার বারুয়া কালীর আব্দুল খালেক (২৯) ও ফয়সল করিম (১৬), চকরিয়া উপজেলার মানিকপুরের আরিফুল ইসলাম (২১) ও আহমদ নবী (২৩), মহেশখালী উপজেলার নুরুল ইসলাম (২২) এবং উখিয়ার হলদিয়াপালংয়ের জাহিদ আলম (১৮)।
অভিযানের বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক হানিফুর রহমান ভূঁইয়া
বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা বিধান এবং মানব পাচারের মতো জঘন্য অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক, সক্রিয় ও দৃঢ় প্রতিজ্ঞ। মানব পাচার ও মাদক চোরাচালানের মতো আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর এবং ‘জিরো টলারেন্স’। উপকূলীয় ও সীমান্ত এলাকায় পাচারকারীদের যেকোনো অপচেষ্টা রুখে দিতে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ৯ জন ভুক্তভোগীকে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের পেছনে জড়িত স্থানীয় দালালদের চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।