কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আলো গোলা জোড়া এলাকা সংলগ্ন নাফ নদীতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি আভিযানিক দল।
বুধবার দুপুর দেড়টার টেকনাফ স্টেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার ভোর থেকে নাফ নদীতে মাদকের একটি চালান আটকের একটি বিশেষ অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড সদস্যরা অভিযান চলাকালীন সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি নজরে আসে। এ সময় বোটটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টাকালে কোস্টগার্ডের সদস্যরা বোটটিকে ধাওয়া করে সাবরাং আলোগোলা জোড়া এলাকা সংলগ্ন নাফ নদী থেকে আটক করা হয়।
পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কোটি টাকা বাজারমূল্যের ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত ইঞ্জিনচালিত কাঠের বোটটি জব্দ এবং দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মৌলভী পাড়া এলাকার বাসিন্দার আবদুল হামিদের ছেলে নুর মোহাম্মদ (৫০) এবং একই এলাকার মৃত ঠান্ডা মিয়ার নজির আহম্মদ (৪১)।
কোস্ট গার্ড সূত্র আরও জানায়, উদ্ধার করা ইয়াবার চালানের সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ী, মূল হোতা এবং অন্যান্য সহযোগীদের শনাক্ত ও আটক করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
জব্দ করা ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার রোধ, চোরাচালান প্রতিরোধ এবং নিরাপদ উপকূল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।