বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবাসহ আটক-২ টেকনাফে বিজিবি টহল দলের ওপর দুর্বৃত্তদের হামলা, যৌথ অভিযানে আটক-৩ টেকনাফে ৮ সংস্থার যৌথ অভিযান ওয়ারেন্টভুক্ত ৬ আসামিসহ আটক টেকনাফে যুবলীগের ঝটিকা মিছিল ঘিরে সংঘর্ষ, দায়ের কোপে এসআই গুরুতর আহত: এলাকায় চরম উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সভা অনুষ্ঠিত: রোগীদের প্রতি মানবিক আচরণ ও সেবার মানোন্নয়নে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডাচেস সোফি টেকনাফে সেনা নিহতের ঘটনায় তিন মামলার ৯৫ আসামী: আটক-৬ টেকনাফের শামলাপুরের প্রবীণ মুরব্বি মোহাম্মদ শফি সওদাগর আর নেই টেকনাফে বিজিবির ডগ স্কোয়াডের সফল অভিযান: ৪ মাদক কারবারি গ্রেফতার, চোলাই মদ ও সিএনজি জব্দ টেকনাফে বিজিবির অভিযানে মালয়েশিয়াগামী ৯ ভুক্তভোগী উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডাচেস সোফি

আমাদের টেকনাফ ডেস্ক: / ২৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সংকট এবং নারী ও শিশুদের সুরক্ষায় পরিচালিত কার্যক্রম দেখতে কক্সবাজারের উখিয়ার একাধিক রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য এডিনবরার ডাচেস সোফি হেলেন রাইস-জোনস। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি ক্যাম্পগুলো পরিদর্শন করেন। তাঁর সফর ঘিরে ক্যাম্পের ভেতরে ও বাইরে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা।

সফরসূচি অনুযায়ী, উখিয়ার ৪, ৫, ১৮ ও ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ডাচেস সোফি। এ সময় বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও খাদ্যনিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন তিনি।

সকালে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ব্লকে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেকের (CODEC—Community Development Centre) পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন ডাচেস সোফি। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।

এ ছাড়া ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কার্যক্রম, নারীদের বহুমুখী কেন্দ্র, সাবান তৈরির কারখানা, নারী বাজার এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এপিবিএন সদস্যরা। ক্যাম্পের বাইরে দায়িত্ব পালন করেছে পুলিশ। সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ডাচেস অব এডিনবরার সফর উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল।

দিনভর পরিদর্শন শেষে বিকেলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন ডাচেস সোফি। তাঁর সফর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ডাচেস সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। সফরে নারীর ক্ষমতায়ন, বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) ঢাকায় পৌঁছে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করেন। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং শান্তি ও নিরাপত্তায় নারীদের অংশগ্রহণ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) নারী হকি খেলোয়াড়সহ তরুণ অ্যাথলেটদের সঙ্গে সাক্ষাৎ করেন।

ঢাকায় সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাঁদের আলোচনায় নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নের বিষয় গুরুত্ব পায়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘রোহিঙ্গা আশ্রয়শিবিরে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা ও মানবিক সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। সফরের সময় ডাচেস এসব কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা এবং জীবনমান উন্নয়নের উদ্যোগগুলো পরিদর্শন করবেন তিনি।’

এ ছাড়া ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং নারী ক্ষমতায়নে তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) আমন্ত্রণে বাংলাদেশ সফর করছেন ডাচেস সোফি। এর আগে ২০১৭ সালে তিনি বাংলাদেশ সফর করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT