কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি) এর ডগ স্কোয়াডের সহায়তায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৮ লিটার দেশীয় তৈরি বাংলা চোলাই মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ২টি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে এই অভিযানগুলো পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, শনিবার আনুমানিক সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে লেদা ও কক্সবাজার থেকে টেকনাফগামী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির প্রশিক্ষণপ্রাপ্ত কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় একটি যাত্রীবাহী বাস ও দুটি সিএনজি অটোরিকশায় তল্লাশি করা হয়। তল্লাশিকালে ডগ ‘মেঘলা’ গাড়িগুলোতে মাদকের উপস্থিতির সংকেত দেয়। পরবর্তীতে বিজিবি সদস্যরা গাড়িগুলোতে নিখুঁতভাবে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেন। একই সাথে মাদক বহনের অভিযোগে ৪ জনকে আটক এবং ২টি সিএনজি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- টেকনাফ পৌরসভা খায়ুকখালী পাড়ার মৃত মো. আফজালের ছেলে আবুল বশর (৪৪), নয়াপাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে কালাম হোসেন (৪২), সাবরাং ইউনিয়নের কুড়া বুইজ্জাপাড়ার মৃত শাকের মোহাম্মাদের ছেলে আব্দুস শুকুর (৫৫) এবং কেরানতলীর বশির আহম্মেদের ছেলে ফয়সাল (২০)।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। মাদক পাচার রোধে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত কে-৯ ডগ স্কোয়াডের কার্যকর ব্যবহারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত মাদকদ্রব্য ও সিএনজিসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।