কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত, গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর দুপুর দেড়টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা সম্পন্ন হয়।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবার সার্বিক অগ্রগতি পর্যালোচনা, সেবার মানোন্নয়ন এবং চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এতে হাসপাতালের চিকিৎসক, নার্সসহ বিভিন্ন শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান। তিনি বলেন-
“হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সন্তুষ্টি ও আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। সেবাপ্রার্থীদের সাথে কোনোভাবেই অপেশাদার আচরণ করা যাবে না। প্রতিটি রোগীর সঙ্গে অত্যন্ত সহানুভূতিশীল, আন্তরিক ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “হাসপাতালের চলমান চিকিৎসা কার্যক্রমকে আরও গতিশীল এবং সুশৃঙ্খল করতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আমি বিশ্বাস করি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই হাসপাতালকে একটি আদর্শ সেবাকেন্দ্রে রূপান্তর করা সম্ভব।”
সভায় অংশগ্রহণকারী চিকিৎসাকর্মীরা হাসপাতালের সমসাময়িক কিছু প্রশাসনিক সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। পরে উন্মুক্ত আলোচনায় সেসব সংকটের সম্ভাব্য ও দ্রুত সমাধানের উপায় নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এনামুল হকের সঞ্চালনায় সভায় বক্তারা আশা প্রকাশ করেন, দায়িত্বরত সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান আগামীতে আরও উন্নত ও লোকমুখী হয়ে উঠবে।