টেকনাফ প্রেস ক্লাবের এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে টেকনাফ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় উপজেলার সাংবাদিকদের দীর্ঘদিনের দ্বিধাবিভক্তি দূর করে দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জোরালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টেকনাফ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফীর সঞ্চালনায় সভায় ক্লাবের অবকাঠামো উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় একটি আধুনিক ও যুগোপযোগী গঠনতন্ত্র পুনর্গঠনের ওপর বিশেষ জোর দেওয়া হয়। একই সঙ্গে খসড়া গঠনতন্ত্রে পেশাদার নারী সাংবাদিকদের সমান সুযোগ ও অন্তর্ভুক্তি, কার্যনির্বাহী কমিটিতে তাদের নির্দিষ্ট প্রতিনিধিত্ব এবং মাঠে তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব রাখা হয়। এছাড়া টেকনাফ উপজেলায় কর্মরত প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের যাচাই-বাছাইপূর্বক সদস্য পদে অন্তর্ভুক্ত করা, মূলধারার জ্যেষ্ঠ সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন এবং প্রেস ক্লাবের কার্যক্রমে কক্সবাজার প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতা নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় টেকনাফ প্রেস ক্লাবের সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফী বলেন, “এ ব্যাপারে টেকনাফ প্রেস ক্লাবকে সকল সাংবাদিক সহযোগিতা করলে দ্রুততম সময়ে নির্বাচন কার্যকর করা সম্ভব হবে।” তিনি কক্সবাজার জেলার ভেতরে টেকনাফ উপজেলার সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ করার মাধ্যমে টেকনাফে একটি সুশৃঙ্খল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরও বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য মমতাজুল ইসলাম মনু, আয়াছ মাহমুদ রনি, জিয়াবুল হক, গিয়াস উদ্দিন ভুলু, জাকারিয়া আলফাজ, শাহ আলম বিপ্লব ও মো. জুবাইর প্রমুখ।
সাধারণ সভায় বক্তারা বলেন, টেকনাফের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করতে হবে। বর্তমান কার্যকরী কমিটি টেকনাফ অঞ্চলের সকল সাংবাদিককে একতাবদ্ধ করে একটি শক্তিশালী, সুন্দর ও সুশৃঙ্খল প্রেসক্লাব গড়ে তুলতে বদ্ধপরিকর।