কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন সাবরাং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আলম। তৃণমূলের ব্যাপক সমর্থন এবং সাধারণ জনগণের ভালোবাসায় তিনি বর্তমানে সাবরাংয়ের অন্যতম হেভিওয়েট চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।
স্থানীয় ভোটার ও সাধারণ বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, নুরুল আলম দীর্ঘদিন ধরে সাবরাং ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেকোনো সংকটে ও দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকায় এলাকার মানুষের মাঝে তিনি এক বিশ্বস্ত নাম হিসেবে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে তরুণ সমাজ এবং স্থানীয় মুরব্বিদের সাথে নিয়মিত গণসংযোগ ও সাবরাং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপির সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে ভূমিকা রাখছে এবং নিবিড় যোগাযোগের কারণে দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সাথে তার ঘরোয়া বৈঠক, মতবিনিময় ও গণসংযোগের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয়রা মনে করছেন, সাবরাং ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ জনগণের অধিকার আদায়ে নুরুল আলমের মতো একজন দূরদর্শী ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।
নির্বাচনী প্রস্তুতি ও নিজের প্রার্থিতার বিষয়ে জানতে চাইলে সাবরাং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আলম বলেন- আমি ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার মোহে নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছি না। সাবরাং ইউনিয়নকে একটি আধুনিক, জনবান্ধব এবং মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। দীর্ঘ সময় ধরে এই ইউনিয়নের মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমি সব সময় আমার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং আমৃত্যু থাকতে চাই। দল ও জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেয়, তবে সাবরাং ইউনিয়ন পরিষদকে আমি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার এক অনন্য প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করব। ইনশাআল্লাহ, জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে আমার মূল কাজ।”