কক্সবাজারের টেকনাফে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪বিজিবি)।তাঁদের কাছ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী সীমান্তের ইশাকের ঘের এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন জীম্বংখালী এলাকার ইমরান হোসেন (২০) ও রাসেল মিয়া (২১)।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাছের ঝুড়ি হাতে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাঁদের সন্দেহ হয়। বিজিবির সদস্যরা তাঁদের থামার সংকেত দিলে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে তাঁদের আটক করে ঝুড়িতে তল্লাশি চালিয়ে চারটি কার্টনে থাকা ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন-আটককৃতদের আইনগত পদক্ষেপ গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।