কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া সংলগ্ন নাফ নদীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া সংলগ্ন নাফ নদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে শাহপরীরদ্বীপ কোস্ট গার্ড আউটপোস্ট। অভিযান চলাকালে নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি লক্ষ্য করেন কোস্ট গার্ড সদস্যরা।
এ সময় সন্দেহজনক বোটটিকে থামার জন্য সংকেত দেওয়া হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে সন্দেহজনক বোট ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে নাফ নদীতে ভাসমান অবস্থায় একটি বস্তা দেখতে পায় কোস্ট গার্ডের সদস্যরা। বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালালে এর ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। তবে অভিযানের সময় মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোট নিয়ে দ্রুত পালিয়ে যায়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদক পাচারকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নাফ নদী থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সীমান্তবর্তী নাফ নদী ব্যবহার করে মাদক পাচারের অপতৎপরতা রোধে কোস্ট গার্ডের এমন অভিযানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।