টেকনাফে অভূতপূর্ব উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ‘ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশ’ টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে ‘১ম হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া
সী বিচস্থ আল-বারাকাহ একাডেমিক প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় টেকনাফ উপজেলার বিভিন্ন হিফজখানা ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩শ জন শিক্ষার্থী অংশ নেয়।
স্থানীয় সূত্র জানায়, টেকনাফ উপজেলায় ইতিপূর্বে কোনো হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রায় ৩০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণের এমন নজির নেই। সাধারণ প্রতিযোগিতায় ১শ থেকে একশত ৫০ জন ছাত্রের উপস্থিতি দেখা গেলেও এবার ইত্তেফাকুল হুফফাজের এই প্রতিযোগিতায় রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি দেখে উপস্থিত আলেম-ওলামা ও সাধারণ মানুষ গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে এলাকায় কুরআনী শিক্ষার প্রচার-প্রসার ঘটবে, শিক্ষার্থীদের পড়ালেখার গুণগত মান বৃদ্ধি পাবে এবং দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মান আরও উন্নত হবে।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান জিহাদ বলেন, কুরআনের পাখিদের এমন আয়োজনে আসতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। তিনি সব সময় কুরআন হাফেজদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে দু’বছর পূর্বে টেকনাফ সদর ইউনিয়নের সকল হিফজ মাদ্রাসা নিয়ে একটি হিফজুল কুরআন প্রতিযোগিতা আয়োজন ও বড় পরিসরে পুরস্কার বিতরণের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী শীতকালে পুরো টেকনাফ উপজেলাকে অন্তর্ভুক্ত করে আরও বড় বাজেট ও ব্যাপক পরিসরে একটি হিফজুল কুরআন প্রতিযোগিতার পরিকল্পনা রয়েছে। শুভ এই উদ্যোগের জন্য তিনি উপজেলার সকল হিফজ প্রতিষ্ঠানকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইত্তেফাকুল হুফফাজের উপদেষ্টা, টেকনাফ প্রেস ক্লাবের সদস্য সচিব এবং তানজিমুল আফনান টেকনাফের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম সাইফী,
আল-বারাকাহ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, ইত্তেফাকুল হুফফাজের উপদেষ্টা ও দুবাই প্রবাসী আলহাজ মাওলানা নুরুল কবিরসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতাটি ৩টি ক্যাটাগরিতে (ক-গ্রুপ: ০৫ পারা, খ-গ্রুপ: ১০ পারা এবং গ-গ্রুপ: ২০ পারা ও ঘ গ্রুপ ৩০ পারা নিয়ে অনুষ্ঠিত হয়।
সূক্ষ্ম মূল্যায়নের মাধ্যমে স্থান অর্জনকারী বিজয়ীরা হলো:
• ক-গ্রুপ (০৫ পারা): ১ম স্থান অর্জন করে জামিয়া এমদাদিয়া আশরাফুল উলুমের ছাত্র শহীদুল ইসলাম (পিতা: রিদ্বওয়ান)। ২য় স্থান লাভ করে কাসেমিয়া এয়াকুবিয়া নূরানী তানজীমুল কুরআনের মো: মোবারক উল্লাহ এবং ৩য় স্থান অর্জন করে আন-নূর ক্যাডেট হিফজখানার মো: আয়াছ।
• খ-গ্রুপ (১০ পারা): ১ম স্থান অর্জন করে কায়দে মিল্লাত হ্নীলা শাহ মজিদিয়া সাইন্স ও মডেল ক্যাডেট মাদ্রাসার ছাত্র মো: শাকিল (পিতা: মো: আয়েছ)। ২য় স্থান লাভ করে দারুল উলুম ইবনু আব্বাস (রা.) একাডেমির মোহাম্মদ সাইম এবং ৩য় স্থান অর্জন করে তাহফিজুল কুরআনুল কারীম একাডেমির মুহাম্মদ ওবাইদুল্লাহ।
• গ-গ্রুপ (২০ পারা): ১ম স্থান অর্জন করে দারুত তাওহীদ মডেল মাদ্রাসার ছাত্র মো: এরফান (পিতা: আব্দুস শুক্কুর)। ২য় স্থান লাভ করে হযরত আয়েশা ছিদ্দীকা (রা.) নূরানী মাদ্রাসার মো: নাঈম উদ্দিন এবং ৩য় স্থান অর্জন করে জামিয়া ইসলামিয়া দারুল উলুম ক্যাডেট একাডেমির ইয়াছিন আরাফাত রিফাত।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী ছাত্রদের মাঝে সম্মাননা সনদ ও পুরস্কার বিতরণ করেন।