
নবীর আলী, তৌহিদ উদ্দিন, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
২৩ জানুয়ারি শুক্রবার সকালের দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি ফিশিং বোটের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি বাংলাদেশ কোস্ট গার্ডকে জানানো হয়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দীন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে ফিশিং বোটসহ উদ্ধারকৃত জেলেদের তাদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।