কক্সবাজারের টেকনাফে জাল কাগজপত্র ব্যবহার করে ভোটার হওয়ার আবেদন করায় নুরুল আজিজ (২২) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ অক্টোবর) দুপুরের দিকে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার মো. হাফেজের ছেলে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নুরুল আজিজ ভোটার হওয়ার আবেদনে নিজেকে দৈংগ্যাকাটা গ্রামের বাসিন্দা এবং বাবার নাম মো. রশিদ উল্লেখ করেন। এসময় তিনি নাগরিকত্ব ও চারিত্রিক সনদ এবং জন্মনিবন্ধনের কাগজপত্র জমা দেন। কাগজপত্রে অসংগতি দেখা দিলে নির্বাচন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
পরে যাচাই-বাছাই করে তার প্রকৃত বাবার নাম মো. হাফেজ বলে নিশ্চিত হওয়া যায়। এতে জাল কাগজপত্রের মাধ্যমে ভুয়া পরিচয়ে ভোটার হওয়ার চেষ্টার বিষয়টি ধরা পড়ে।
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সালাউদ্দীন আল আজাদ বলেন, ‘অন্য একজনকে বাবা পরিচয় দিয়ে নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধন তৈরি করে তিনি ভোটার হওয়ার আবেদন করেন। তার আচারণ সন্দেহজনক হলে বিষয়টি যাচাই করে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
এব্যাপারে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘সনদ ও জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি রোহিঙ্গা নাগরিক কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’