টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় এক কিশোরের বিরুদ্ধে অপরাধের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বাবা ছিল এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও মাস্তান, আর সেই বাবার পথ ধরেই ছেলে রিদুয়ান এখন ডাকাত ও অপহরণকারী হিসেবে আতঙ্ক সৃষ্টি করছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ওই কিশোর রিদুয়ানের
বাবার নাম আব্দুল মালেক প্রকাশ বেলম্বু। প্রায় ১০-১২ বছর আগে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই ও ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয় বলে এলাকায় প্রচলিত রয়েছে। তখন রিদুয়ান শিশু ছিল।
অভিযোগ রয়েছে, বড় হওয়ার পর ছেলে রিদুয়ান মায়ের কাছ থেকে বাবার মৃত্যুর ঘটনা শোনার পর থেকেই সে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে এবং একপর্যায়ে অপরাধ জগতে জড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, ওই কিশোর রিদুয়ান কম বয়সে বিয়ে করার পর আরও বেপরোয়া হয়ে ওঠে। তার বিরুদ্ধে দিনে-দুপুরে ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি, গ্রাম্য ডাক্তারকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়সহ মাদক কারবারের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, এই ঘটনার পর থেকে নোয়াখালী পাড়া এলাকায় দিনের বেলাতেও বাইরের অটো ও সাধারণ মানুষ ঢুকতে ভয় পাচ্ছে।
এছাড়া পাহাড়ে অবস্থানরত রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনের সাথে যোগসাজশে সে এই অপহরণ ও মাদক কারবার পরিচালনা করছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত কিশোরের পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।