কক্সবাজারের উখিয়ায় এক নির্যাতিত ও অসহায় নারীর ওপর অন্যায়-অবিচারের চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরতে গিয়ে চরম হুমকির মুখে পড়েছেন স্থানীয় এক সংবাদকর্মী। অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়াসহ ‘দেখে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, সমাজ ও দেশের নানা অনিয়ম-দুর্নীতি প্রকাশ এবং অসহায় মানুষের অধিকার রক্ষায় কাজ করতে গিয়ে ওই সংবাদকর্মী সম্প্রতি এক নির্যাতিত নারীর সাক্ষাৎকার ও সত্য ঘটনা নিয়ে সংবাদ প্রচারের উদ্যোগ নেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মালয়েশিয়া প্রবাসী ও তাঁর ভাই সংবাদকর্মীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।
অভিযুক্ত দুজন হলেন- মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ ফয়েজ এবং তাঁর ভাই সন্ত্রাসী, টুকাই জয়নাল উদ্দিন। তাঁরা উভয়েই উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অভিযোগ রয়েছে, সংবাদ প্রকাশ বন্ধ করতে এবং সত্য চাপা দিতে তাঁরা পেশাগত দায়িত্বে নিয়োজিত ওই সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকিসহ গুরুতর পরিণতি ভোগের হুমকি দেন।
ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভোগা সংবাদকর্মী বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টিতে এনেছেন। তিনি কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি), জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
পাশাপাশি, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ রক্ষা ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযুক্ত মোহাম্মদ ফয়েজ ও জয়নাল উদ্দিনের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সংবাদকর্মী মিজবাহ উল্লাহ।