কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে গভীর নলকূপ বসানোর জন্য মাটি খোঁড়ার সময় আগুনের কুণ্ডলী দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী গ্রামের ছোট ব্রিজসংলগ্ন মোস্তফা সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুন এখনো জ্বলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আগুন বিদ্যুতের তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটিতে গভীর নলকূপ স্থাপনের জন্য বোরিংয়ের কাজ চলছিল। এ সময় মাটি খোঁড়ার স্থান থেকে হঠাৎ আগুনের কুণ্ডলী বের হতে দেখা যায়। একই সঙ্গে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হতে থাকায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এখনো আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাস থাকার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য শামসুল আলম বলেন, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।
এদিকে আগুন বিদ্যুতের খুঁটির তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।
তবে মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।