
নিজস্ব প্রতিনিধি,চকরিয়া:
তেরবছর আগে ২০১৩ সালে কক্সবাজারের চকরিয়া পৌরশহরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন জাকের হোসেন। তিনি চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাইতুশ শরফ এলাকার বাসিন্দা এবং ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।
জানা গেছে, শুক্রবার (২৩ জানুয়ারি) পারিবারিক সম্মতিতে নিহত শহীদ জাকের হোসেনের কন্যা ও চকরিয়া পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক সোহাইলা জান্নাত রিসতার বিয়ের আনুষ্ঠানিকতা কক্সবাজার শহরে আয়োজন করা হয়।
এই বিয়ে উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনে নিহত শহীদ জাকের হোসেনের মেয়ে সোহাইলা জান্নাত রিসতার বিয়েতে উপস্থিত হয়ে কনের হাতে তারেক রহমানের পাঠানো উপহার সামগ্রী হস্তান্তর করেছে ‘আমরা বিএনপি পরিবার‘।
এসময় ‘আমরা বিএনপি পরিবার‘-এর উপদেষ্টা মো: আবুল কাশেম ও বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন-‘আমরা বিএনপি পরিবার’ সদস্য শাকিল আহমেদ, কক্সবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, চকরিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৯ নভেম্বর বিকালে চকরিয়া পৌরশহরে বিএনপির নেতাকর্মীরা এক প্রতিবাদ মিছিল করেন। এসময় সেখানে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হলে পাল্টা মিছিল, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে জাকের হোসেন মারা যান। ##