১৫ মে শুক্রবার বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, আটককৃত শাহ আলম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকার আব্দুল রহমানের ছেলে। তিনি টেকনাফ থানার একটি চাঞ্চল্যকর মামলার (জিআর নং- ৪৫৪/২৪) প্রধান পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় সরকারি কর্মকর্তাদের ওপর হামলা ও সরকারি কাজে সরাসরি বাধা প্রদানের অভিযোগ রয়েছে। মামলার পর থেকেই শাহ আলম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।
র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল দীর্ঘদিন ধরে এই আসামির গতিবিধি নজরদারি করছিল। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।