চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বৈতরণী এলাকায় মদ্যপ অবস্থায় জনতার হাতে আটক রতন শীল (৪৫)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, রতন শীল প্রকাশ্যে মদ্যপ অবস্থায় এলাকায় বিশৃঙ্খল আচরণ করছিলেন। স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, জনশৃঙ্খলা বিনষ্টকারী এবং মাদক-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালিত হবে। তিনি অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।